কমেছে সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে ২ লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৩৫৭ টাকা। আন্তর্জাতিক বাজারেও আজ সোনার দামের দরপতন লক্ষ্য করা গেছে। বিশ্ববাজারের তথ্য প্রদানকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি (goldprice.org) অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৯০ ডলার, যা গতকাল ছিল ৫ হাজার ১৭০ ডলার।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে গত ২৯ জানুয়ারি দেশে সোনার দাম রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। একটি গণমাধ্যমে এই দাম কমানোর সংবাদ নিশ্চিত করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.