ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় তেলের ডিপো বিধ্বস্ত, নিহত ৪

ইরানের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং জ্বালানি স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

কেরামাত বিয়েসকারামি জানান, শনিবার রাতে তেহরান এবং আলবোর্জে এই বিমান হামলা চালানো হয়। হামলায় নিহত ৪ জনের মধ্যে দুইজন তেলের ট্যাঙ্কার ট্রাকের চালক ছিলেন। হামলার ফলে স্থাপনাগুলোতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং যান্ত্রিক সরঞ্জামাদির ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও চিত্রে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর বোমা বর্ষণের পর তেলের ডিপোগুলো থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধ্বংসযজ্ঞের খবর গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.