ইরানের ১৬টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস বাহিনীর ১৬টি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ রোববার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, গত শনিবার রাতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ) এই বিশেষ অভিযান চালিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মেহরাবাদ বিমানবন্দরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মূলত কুদস ব্রিগেডের ব্যবহারের জন্য সংরক্ষিত। এই বিমানবন্দর ব্যবহার করেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীকে অস্ত্র ও রসদ সরবরাহ করে থাকে কুদস ফোর্স। তবে এই হামলা প্রসঙ্গে ইরান কিংবা আইআরজিসি’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংলাপ চললেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।

যুদ্ধের গত ৮ দিনে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। অন্যদিকে, ইসরায়েল বর্তমানে ইরানের বিমানবাহিনীর শক্তি খর্ব করার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.