ট্রেনের ১৮ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার বিক্রি হচ্ছে ১৮ মার্চের ঈদযাত্রার টিকিট। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে।

যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে আলাদা সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চের অগ্রিম টিকিট যথাক্রমে ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ বিক্রি করা হয়েছে। একইভাবে ৮ ও ৯ মার্চ বিক্রি করা হবে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

অনলাইনে টিকিট কেনার নিয়ম: যাত্রীরা ‘রেল সেবা’ মোবাইল অ্যাপ বা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার মাধ্যমে টিকিট কিনতে পারবেন। এরপর ভ্রমণের তারিখ, যাত্রার শুরুর স্টেশন, গন্তব্য এবং ভ্রমণের শ্রেণি নির্বাচন করে ‘Find Ticket’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে ট্রেনের নাম, ছাড়ার সময় এবং আসন খালি আছে কি না—এসব তথ্য দেখা যাবে। পছন্দের ট্রেন নির্বাচন করে ‘View Seats’ অপশনে গিয়ে খালি আসন থেকে সিট নির্বাচন করতে হবে। এরপর ‘Continue Purchase’ বাটনে ক্লিক করে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

টিকিটের মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টারকার্ড অথবা বিকাশের মাধ্যমে। পেমেন্ট সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে ই-টিকিট ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।

পরে সেই ই-মেইল থেকে টিকিটটি প্রিন্ট করে এবং সঙ্গে একটি ফটো আইডি নিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.