ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি নৌবাহিনী ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালায়।

সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ জানিয়েছে, ইরানি নৌবাহিনী মার্কিন সামরিক ঘাঁটি এবং ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উল্লেখ করা ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটি, কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের একটি ‘কৌশলগত স্থাপনা’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন এবং একটি বিমানঘাঁটির দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানান।

ড্রোনগুলো দেশের দক্ষিণের একটি বিশাল মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়। ওই এলাকায় বিপুল তেলের মজুত রয়েছে, যার মধ্যে শায়বাহ তেলক্ষেত্র অন্যতম। সৌদি আরামকো জানিয়েছে, এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হয়।

এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ছুটে যাচ্ছিল বলে জানানো হয়েছে। ইরানে হামলার আগে ফেব্রুয়ারিতে মার্কিন বিমান বাহিনী সামরিক উপস্থিতি বাড়াতে এই ঘাঁটি ব্যবহার করেছিল।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.