নিখুঁত হামলা চালাতে ইরানকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ওপর নিখুঁত হামলা চালাতে ইরানকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। তিনজন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং বিভিন্ন সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পাঠাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে বৈশ্বিক রূপ নিতে পারে। কারণ পারমাণবিক শক্তিধর রাশিয়া তার উন্নত গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে ইরানকে সহায়তা করছে।

একজন কর্মকর্তা এই সহযোগিতাকে ‘বেশ বিস্তৃত’ বলে উল্লেখ করেছেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। একইভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং প্রতিরক্ষা দপ্তরও কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক হামলাগুলো অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। যেমন—কমান্ড ও নিয়ন্ত্রণ অবকাঠামো, রাডার ব্যবস্থা এবং অস্থায়ী সামরিক স্থাপনা। গত রোববার কুয়েতে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএর একটি স্টেশনও ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশেষজ্ঞ দারা মাসিকোট বলেন, ইরান খুব নিখুঁতভাবে মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ও কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট সীমিত হওয়ায় রাশিয়ার মহাকাশভিত্তিক নজরদারি থেকে পাওয়া তথ্য তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের গবেষক নিকোল গ্রাজেভস্কি বলেন, ইরানের পাল্টা হামলায় উচ্চমাত্রার কৌশলগত দক্ষতা দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র ও মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে।

দুইজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও চীন আপাতত সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে, রাশিয়া এখন মধ্যপ্রাচ্যে ইরানকে সহায়তা করে তার প্রতিক্রিয়া দেখাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.