নিজেদের ভূখণ্ডে ইরান-এর বিরুদ্ধে কোনো ধরনের হুমকিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাক-এর প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি।
বুধবার (৪ মার্চ) এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেই আলোচনার পর বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার-এ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নিশ্চিত করে বলেন, তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয়-প্রশ্রয় দেবে না।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলারও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী সুদানি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শুরু করা সামরিক অভিযান আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা এবং ইরানের প্রতি সমর্থন জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.