যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার সকালে তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ভারতে তিন দিনের বৈঠক শেষে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার এটিই প্রথম সফর।
দুই দিনের ঢাকা সফরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের সঙ্গে পল কাপুরের বৈঠকের কথা রয়েছে।
সন্ধ্যায় তিনি একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন এবং একটি নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দিনের শেষভাগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.