মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ থেকে নিজ নাগরিকদের সরে যাওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তীব্র হওয়ার পর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও প্রক্সি গোষ্ঠীগুলোর ধারাবাহিক তাণ্ডবের প্রেক্ষিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ওই অঞ্চলে অবস্থানরত আমেরিকান নাগরিকদের অবিলম্বে ১৫টি দেশ ও অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

খবর আলজাজিরার।

স্থানীয় সময় (২ মার্চ) সোমবার স্টেট ডিপার্টমেন্টের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরা নামদার এক জরুরি বিবৃতিতে ‘এখনই প্রস্থান করুন’ বলে কঠোর নির্দেশনা দিয়েছেন। এই তালিকায় বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আল জাজিরার ওয়াশিংটন সংবাদদাতা প্যাটি কুলহান জানিয়েছেন, মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার এই বিশাল প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও কিছুটা রহস্যময়। কারণ বাণিজ্যিক বিমান চলাচল প্রায় বন্ধ থাকায় হাজার হাজার নাগরিক কীভাবে নিরাপদে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিশোধ হিসেবে চালানো এই সিরিজ হামলার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন সরাসরি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় পুরো অঞ্চলটি এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে।

মার্কিন প্রশাসন এই হামলাগুলোকে চরম আগ্রাসন হিসেবে অভিহিত করে নাগরিকদের দ্রুততম সময়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.