তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার (২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে।
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার প্রেক্ষাপটে তেহরান এই চরম পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই কৌশলগত জলপথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নৌবাহিনী ও বিপ্লবী গার্ডের সদস্যরা যেকোনো জাহাজ চলাচলের ওপর কঠোর নজরদারি বজায় রাখছে।
হামলার পাল্টা জবাব হিসেবে আইআরজিসি তেলের পাইপলাইনগুলোতেও আঘাত হানার হুমকি দিয়েছে। ইব্রাহিম জাব্বারি সাফ জানিয়ে দিয়েছেন, এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও আর বাইরে যেতে দেওয়া হবে না। তার দাবি অনুযায়ী, বর্তমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম আগামী কয়েক দিনের মধ্যে প্রতি ব্যারেল ২০০ ডলারে গিয়ে ঠেকবে।
বিবৃতিতে আরও বলা হয়, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্র এই অঞ্চলের তেলের ওপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু ইরান এখন থেকে তাদের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.