রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের গুলিতে পুলিশ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খিলগাঁও অঞ্চল ওই অভিযান চালায়।
এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, এক মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাতটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল। আমাদের একটি টিম সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযানের জন্য অপেক্ষা করছিল। এ সময়ে তিনজন মাদক কারবারিকে শনাক্ত করে আমাদের টিম। পরে তাদের মধ্য থেকে একজনকে আটক করার চেষ্টা করলে পকেট থেকে পিস্তল বের করে তারা আমাদের লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে। এতে আমাদের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। গুলি করে তারা পালিয়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.