ইরানের পাল্টা হামলার মধ্যে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের পাল্টা হামলা চলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে যুদ্ধবিমানে থাকা আরোহীরা বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সোমবার সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমানে থাকা সমস্ত আরোহী বেঁচে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ক্রু সদস্যদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

সোমবার সকালে কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি।

এদিকে সিএনএনের ভূ–অবস্থান যাচাই করা একটি ভিডিওতে এমন দৃশ্য ধরা পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন লেগেছে। সে অবস্থায় এটি নিচে পড়ছে।

কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা কোন বিমানবাহিনীর তা নিশ্চিতভাবে জানা যায়নি। খবর সিএনএনের

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.