শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, যারা প্রবাসে যাচ্ছে তারা অনেকেই দালালদের খপ্পরে পড়ে হয়রানি হচ্ছে বা সর্বস্ব হারাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন এজেন্সিরও নানা অনিয়ম রয়েছে, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আমাদের দেশের মানুষদের প্রবাসে যেতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে প্রতারক ও দালাল চক্র। প্রবাসীদের হয়রানি বন্ধ করতে চাই। বিগত দিনে যেসব এজেন্সিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিবাসন ব্যয় কমাতে কাজ করছি।
রবিবার (১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই ওইসব দেশে আমাদের দেশের যারা অবস্থান করছেন তাদেরকে নিরাপদে ও শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশের চার নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রবাসীদের চলাচলের সময় নিজেদের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্যও তিনি প্রবাসীদের নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রবাসীরা যেন সামরিক স্থাপনাগুলো এড়িয়ে চলেন। অবস্থার অবনতি হলে বাংলাদেশি দূতাবাসগুলোর সান্নিধ্যে অবস্থান করেন সে অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.