‘১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিনামূল্যে ‘ফ্যামেলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ‘ফ্যামেলি কার্ড’ কর্মসূচির কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। দেশের সাধারণ মানুষের কল্যাণে এটি একটি সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সেবা ও সহায়তা পাবেন। এ বিষয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন এবং সঠিকভাবে কার্ড বিতরণে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.