পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান, আফগানিস্তানের দাবি প্রত্যাখ্যান

আফগানিস্তানের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান৷ দেশটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন জায়গায় বিনা উস্কানিতে হামলা চালিয়েছে আফগানিস্তান৷ যার জবাবে তাৎক্ষণিক পাল্টা হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তাদের হামলায় আফগানিস্তানের বিপুল সেনা নিহত ও অসংখ্য সীমান্ত চেকপোস্ট ধ্বংস হয়েছে।

তবে আফগানিস্তান এ তথ্য অস্বীকার করেছে৷ দেশটির তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন, তাদের একজন সেনাও মারা যায়নি।

আফগান সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছে হাম্ভি সামরিক যান৷ এ সময় গুলি ও গোলার আলোতে আশপাশ আলোকিত হয়ে উঠছে।

এর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে।

গত রোববার পাকিস্তান আফগানিস্তানের দুটি প্রদেশে বিমান হামলা চালায়। দেশটি দাবি করেছিল, সন্ত্রাসীদের গোপন আস্তানায় হামলা চালানো হয়েছে। এতে ৭০ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।

তবে আফগানিস্তান জানায় পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশু রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.