বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকে জানিয়েছেন, বন্ধ কলকারখানাগুলো আবার চালুর উদ্যোগে ব্যাংক সক্রিয় সহযোগিতা প্রদান করবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেই দায়িত্ব নেওয়ার পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।
গভর্নর বলেন, অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে বাংলাদেশ ব্যাংক নীতিগত ও আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বৈঠকে তিনি আরও বলেন, ব্যাংক একটি নিয়ন্ত্রক সংস্থা হওয়ায় গণমাধ্যমে বক্তব্যের ক্ষেত্রে সংযমী থাকবেন, তবে তথ্যপ্রবাহ অব্যাহত রাখতে একজন মুখপাত্রের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হবে।
নতুন গভর্নর দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে বাংলাদেশ ব্যাংক নীতিগত সহায়তা, প্রয়োজনীয় অর্থায়ন এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদার করবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।
সভায় মো. মোস্তাকুর রহমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের মূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দিয়েছেন। এছাড়া বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।
গভর্নর প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করার প্রতিশ্রুতি দেন। ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো হবে।
তিনি সরকারের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.