মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ রায় দেন।

এর আগে গতকাল বুধবার আকরাম হোসেনের মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিলের রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের এই মামলাটিতে ২০১৫ সালের ১১ আগস্ট বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেই সঙ্গে জেলার আরেক বাসিন্দা খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় ঘোষণা করেছিলেন।

সেদিনের রায়ে বলা হয়েছিল, আসামি সিরাজের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর আকরাম দোষী সাব্যস্ত হয়েছেন তিনটি অভিযোগের মধ্যে একটিতে।

ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে, অথবা গুলি করে সিরাজ মাস্টারের দণ্ড কার্যকর করতে বলেছে ট্রাইব্যুনাল। আর আকরামকে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে হবে জেলখানায়। এরপর দণ্ডিতরা আপিল করেন।

সিরাজুল হক ও খান আকরামের সঙ্গে মামলার আরেক আসামি ছিলেন আব্দুল লতিফ তালুকদার। কিন্তু রায়ের আগেই ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.