রেকর্ড চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

রেকর্ড চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানোর পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইতোমধ্যে রিটার্ন দাখিলের সময় ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর থেকে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

আর দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি ও প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নির্বাচনে পরবর্তী সময়ে নতুন সরকারের সময়ে কর আদায়ে গতিশীল করতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। এছাড়া ব্যবসায়ী মহলের দাবিও বিবেচনায় নেওয়া হয়েছে। সে জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত।

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.