বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা ও বিচার নিশ্চিতে কাজ করা হবে।
এর আগে দিবসটি উপলক্ষে পিলখানায় হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ১০টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে তারা এই শ্রদ্ধা জানান। এসময় তাদের সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান।
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার কিছু দিন পর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি ঘটে। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। নারকীয় সেই হত্যাযজ্ঞের ১৭তম বার্ষিকী আজ। গত বছর দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।
পিলখানা ট্র্যাজেডির ঘটনায় করা হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতের রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন এবং সর্বোচ্চ ১০ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২৫৬ জনকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৮ জন।
একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে পলাতক রয়েছেন ২০ জন। বিচারিক আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.