দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলায় র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী ফাতেহা পারভীনের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন্দ ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আবেদন জানিয়ে আদালতে বলেন, সাবেক এই মহাপরিচালকের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে।
অনুসন্ধানে হারুন অর রশীদ ও তাঁর স্ত্রী ফাতেহা পারভীনের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান মিলেছে, যার বিপরীতে কোনো সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। বর্তমানে ওই ১০টি ব্যাংক হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয় যে, এই দম্পতি তাঁদের অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা সরিয়ে ফেলার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এমন পরিস্থিতিতে সম্পদগুলো বেহাত হলে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
তাই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের এই ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.