আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) অনুযায়ী আরোপিত শুল্ক আদায় মঙ্গলবার রাত থেকে বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি)।
সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ১২টা ১ মিনিট (ইএসটি) থেকে এই শুল্ক আদায় বন্ধ করা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এই শুল্ক অবৈধ ঘোষণা করার তিন দিনের বেশি সময় পর সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানাল।
সংস্থাটি কার্গো সিস্টেম মেসেজিং সার্ভিসে (সিএসএমএস) জাহাজ ও আমদানিকারকদের জন্য পাঠানো বার্তায় জানিয়েছে, মঙ্গলবার থেকে ট্রাম্প প্রশাসনের আইইইপিএ–সংক্রান্ত সব শুল্ক কোড নিষ্ক্রিয় করা হবে।
জরুরি আইনে ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষিত হওয়ার পরও থেমে যাননি ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশের পর ট্রাম্প প্রথমে বৈশ্বিক ১০ শতাংশ এবং পরে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ভিন্ন আইনে তিনি এই শুল্ক আরোপ করেছেন।
সিবিপি অবশ্য কারণ উল্লেখ করেনি, কেন তারা সুপ্রিম কোর্টের রায়ের কয়েক দিন পরও বন্দরে শুল্ক আদায় চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে যে শুল্ক আদায় করা হয়েছে, তা আমদানিকারকদের ফেরত দেওয়ার সম্ভাবনা আছে কি না, তা–ও জানায়নি সংস্থাটি।
বার্তায় উল্লেখ করা হয়েছে, এই শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের আরোপিত অন্যান্য শুল্কে প্রভাব ফেলবে না, যেমন ২৩২ নম্বর ধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা শুল্ক এবং ৩০১ ধারা অনুযায়ী অন্যায় বাণিজ্য শুল্ক।
সংস্থাটি জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী তাদের আনুষ্ঠিক বার্তার মাধ্যমে বণিক সম্প্রদায়কে অতিরিক্ত নির্দেশিকা দেওয়া হবে।
গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের কারণে আইইইপিএ শুল্ক থেকে আয় হওয়া প্রায় ১৭৫ বিলিয়ন বা ১৭ হাজার ৫০০ কোটি ডলারের বেশি ফেরত দিতে হতে পারে। এক গবেষণা অনুযায়ী, আইইইপিএ থেকে প্রতিদিন ৫০ কোটি ডলারের বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.