দেশের বাজারে আজ আবার বেড়েছে সোনার দাম। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪১ টাকা। আগের দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ফলে আজ ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা।
এর আগে গত শনিবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। সেদিন সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৫ টাকা বাড়ানো হয়। ফলে এই দুই দিনে সোনার দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আজ সোমবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।
আজ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা। এ ছাড়া সনাতনি পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। এ পর্যন্ত দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।
মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ডলারের নিচে নেমে এলে দুই দফা সোনার দাম কমানো হয়। দুই দিনে সোনার দাম কমে ভরিপ্রতি ৫ হাজার ৪৮১ টাকা। কিন্তু শুক্রবার থেকে বিশ্ববাজারে সোনার দাম বাড়তে শুরু করে। ফলে সোনার দাম আবার ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। গতকাল সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৫৩ ডলার বেড়ে ৫ হাজার ১৫৭ ডলারে উঠেছে।
দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে সোনার দাম ওঠানামা করছে। ফলে গত এক মাসে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে ২২ ডলার। যদিও গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ১ হাজার ৭৩৪ ডলার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.