অবৈধ অনুপ্রবেশের দায়ে ইন্দোনেশিয়ায় সাত বাংলাদেশি আটক

কোনো পাসপোর্ট বা বৈধ নথিপত্র ছাড়াই ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে সাতজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বর্তমানে তাদের দেনপাসার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দেনপাসার ইমিগ্রেশন অফিসের প্রধান আর. হার্যো শক্তি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়। প্রথমে ১৪ ফেব্রুয়ারি তাবানান রিজেন্সির কেদিরি এলাকার একটি মসজিদ থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয়। এরপর ১৮ ফেব্রুয়ারি দেনপাসার শহর থেকে আরও পাঁচজনকে আটক করা হয়।

নিবিড় জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়, সাতজনের কারও কাছে বৈধ পাসপোর্ট, ভিসা বা ইন্দোনেশিয়ায় প্রবেশের কোনো রেকর্ড নেই। তারা অবৈধ পথে দেশটিতে প্রবেশ করেছে। ২০ ফেব্রুয়ারি বিকেলে তাদের জিম্বারানের ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

আর. হার্যো শক্তি বলেন, প্রত্যেক বিদেশিকে অবশ্যই বৈধ নথি নিয়ে নির্ধারিত পথ দিয়ে দেশে প্রবেশ করতে হবে। নিয়ম না মানলে কোনো ছাড় দেওয়া হবে না।

অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১১ সালের ইন্দোনেশিয়ার অভিবাসন আইনের ১১৩ নম্বর ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নজরদারি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.