বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর পদে নতুন নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে বর্তমান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এ পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণও করেন।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে তাকে প্রতিস্থাপনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তাজুল ইসলাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এছাড়া, সরকারের কোনো মুখপাত্রের কাছ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই ২০২৪-এর গণআন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহত করার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম চলছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংঘটিত গুমের ঘটনাসংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.