আমরা দুর্নীতি করি না, করতে দেব না: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি ও পদায়ন নিয়ে ৬৪ জেলাতেই সৎ কর্মকর্তার অভাব রয়েছে-শিক্ষক নেতাদের এমন অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন ৬৪ জেলায় একজনও সৎ লোক নেই। এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ। ঠিক আছে, আমার মাননীয় প্রতিমন্ত্রীও বললেন, আর আমার রেকর্ডটা আপনারা জানেন-আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রীও করেন না। আমরা দুজন শপথ করেছি দুর্নীতি করব না। কিন্তু আমাদের আরেকটা শপথ আছে, করতে দেব না।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, গতকাল আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ৯০ শতাংশ সময় শিক্ষার বিষয়ে আলোচনা করেছেন। সব বিষয় নিয়ে কথা হয়েছে।

শিক্ষকদের বেতন স্কেল ও উৎসব ভাতার দাবি প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, আপনারা বেতন স্কেলের কথা বলেছেন। এসব বিষয় আমাদের বিবেচনায় আছে। ঈদের বোনাস ২৫ শতাংশ ছিল। ১৭ বছর পর এই বোনাস ২৫ থেকে ৫০ শতাংশ করা হয়েছে। অর্থনৈতিক বিষয়গুলো বাজেট বরাদ্দের সঙ্গে সম্পর্কিত। আমরা এগুলো পর্যালোচনা করব। যেহেতু এটি নতুন বাজেট নয়, তাই এগুলো কার্যকর করতে সময় লাগবে।

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়ে শিক্ষকদের অভিযোগ ও দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটি নিয়ে আজ আমাদের বসার কথা ছিল। এই বৈঠক শেষেই আমরা বসব। পলিটিসাইজ বা রাজনীতিকরণের বিরুদ্ধে আপনারা বলছেন-এসব বিষয় আমরা দেখব।

এনটিআরসিএ প্রসঙ্গে তিনি বলেন, এনটিআরসিএ আমার একক কষ্টের ফসল ছিল। এখন এটা পরিবর্তন হয়েছে। আমরা বুঝে দেখব, রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার আমাদের এটা রিসেক্ট (পুনর্গঠন বা সংস্কার) করতে হবে।

অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা নিয়ে মন্ত্রী বলেন, এটার সর্বশেষ পরিস্থিতি কী, তা নিয়ে আমরা এখনো বসিনি। আমরা এখনো অফিসে সুস্থভাবে বসতে পারিনি। তবে অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে বসা আমাদের এজেন্ডায় আছে। আমরা আস্তে আস্তে এসব নিয়ে বসব।

শিক্ষকদের আশ্বস্ত করে এহছানুল হক মিলন বলেন, আপনাদের দাবিদাওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা নিশ্চিত থাকেন, আমরা আপনাদের বিষয়গুলো নিয়ে কাজ করব।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.