রমজানে ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে চলতি রমজানে ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার।

কর্তৃপক্ষ জানায়, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় তৈরি হয়। এ কারণে নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।

যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন চলাচল নিষিদ্ধ।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড়ের এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান, প্রয়োজন অনুযায়ী বিশ্রাম, অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.