সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৮ পরিবারের বসতঘর

পবিত্র মাহে রমজানের প্রথম দিনে যখন সবাই ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই সময় আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে ১৮টি পরিবারের স্বপ্ন ও সম্বল। মুহূর্তের মধ্যে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাণ নিয়ে বের হতে পারলেও একটি কাগজপত্র পর্যন্ত উদ্ধার করতে পারেননি ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আছরের নামাজের কিছুক্ষণ পরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকতেন। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হতে সক্ষম হন।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.