ফ্যামিলি কার্ড চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড চূড়ান্ত করার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গতকাল এবং আজ মিলিয়ে এরইমধ্যে আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি। জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি সেটি হলো ফ্যামিলি কার্ড। আমরা ইনশাআল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমাদের এই ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ বাস্তবায়ন শুরু করবো। ফলে গতকালকে এবং আজকে মিলিয়ে আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি। জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই।

তিনি বলেন, এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াদা। বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন।

কোন কোন এলাকায় অগ্রাধিকার দিয়ে কার্ডগুলো দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা ছোট্ট কমিটি গঠন করা হবে অর্থমন্ত্রীর নেতৃত্বে। তারা আগামী কয়েকদিনের মধ্যেই বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত কর্মপরিকল্পনা এবং দিক নির্দেশনা দেবেন।

প্রাথমিকভাবে কতো টাকা দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে- প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, টাকার পরিমাণটা এই মুহূর্তে নির্ধারণ করা হয়নি। তবে আমরা যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় পাঁচ কোটি ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা সেটাকে মাথায় রেখে বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সব নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারব।

তিনি বলেন, আমরা অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র যারা প্রতিবন্ধী, বিধবা এই ধরনের পশ্চাৎপদ যারা আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে দেবো। কিন্তু পর্যায়ক্রমে সবাই আসবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.