সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, সরকারের প্রথম দিন একটা কেবিনেট মিটিং করতে হয়। আমরা সবাই বসেছি। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন। সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করতে হয়। আমরা এবার ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছি।

সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরবরাহ চেইন ঠিক রাখা, বিদ্যুৎ-জ্বালানি খাতে যেন সমস্যা না হয়, গ্যাস-বিদ্যুতের প্রতি লক্ষ্য রাখা প্রাথমিক অগ্রাধিকার বলে জানান তিনি ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী প্রথা অনুযায়ী সচিবদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তাদের বলেছেন যে, জনগণ আমাদের ম্যানিফেস্টোর ওপর ম্যান্ডেট দিয়েছে। সুতরাং যেটা জনগণের ইচ্ছা সেটাই প্রাধান্য পাবে। সে হিসেবে সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হবেন। সবাইকে আমরা বলেছি যে, কার কী অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না। আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব।

এদিকে আজ সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, দেশে আর মব কালচার বরদাশত করা হবে না। দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। মিছিল-সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে। তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করা যাবে না।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ, এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। অথচ এ মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনও ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না। বাহিনীর কোনও সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.