বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। পৃথক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে অভিনন্দন জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করতে দুই দেশই তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বার্তায় চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়নে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করতে চান। চীন ও বাংলাদেশের ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ওয়াং ই বলেন, কৌশলগত অংশীদারত্বের আওতায় বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তিনি পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে চান।
দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ও বহুমাত্রিক সম্পর্কের ওপর জোর দিয়ে জয়শঙ্কর আশা প্রকাশ করেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা অব্যাহত থাকবে এবং আরও বাড়বে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.