সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।  সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। দুপুর থেকে সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে তিনি তার প্রথম কর্মদিবস শুরু করেন।

এদিন সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

সাভার থেকে ফিরে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মন্ত্রিপরিষদ সদস্যসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দাপ্তরিক কার্যক্রমের শুরুতেই দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তারেক রহমান। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। এরপর বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.