রমজান শুরুর তারিখ জানাল কয়েকটি দেশ

বিশ্বজুড়ে মুসলিমরা সিয়াম সাধনা, আত্মশুদ্ধি এবং দান-সদকার মাসের প্রস্তুতি নিচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, পবিত্র রমজান মাস ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর এই মাসের সূচনা নির্ভর করছে। বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের ক্ষেত্রে এই মাসের শুরু ভিন্ন ভিন্ন হতে পারে।

এশিয়ার দেশ মালয়েশিয়া ইতিমধ্যে আজ ঘোষণা দিয়েছে, ১৯ ফেব্রুয়ারি সেখানে রমজান মাস শুরু হচ্ছে। সে দেশের সরকার আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় দেশে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সেখানে রমজান মাস শুরু হবে।

একইভাবে ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রমজানের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে সেখানে রোজা শুরু হবে।

সিঙ্গাপুর এর ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল নিশ্চিত করেছে, সিঙ্গাপুরে বৃহস্পতিবার হবে রমজান মাসের প্রথম দিন। নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় দেশটির জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় পর্যবেক্ষণের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির মুসলিমরা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা ও নামাজের প্রস্তুতি নিচ্ছেন।

একইভাবে ব্রুনেইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার সে দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিবির খবরে বলা হয়, হাইকোর্ট শরিয়াহ বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রুনেইয়ের জ্যোতির্বিজ্ঞান কর্তৃপক্ষ চাঁদ দেখা প্রক্রিয়া শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে।

সৌদি আরবর সুপ্রিম কোর্ট দেশের মুসলিম জনগণকে আজ সন্ধ্যায় (২৯ শাবান, ১৪৪৭ হিজরি) রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

পর্যবেক্ষণকারীদের অনুরোধ করা হয়েছে, কেউ চাঁদ দেখলে যেন নিকটস্থ আদালতে তা জানান। মক্কার সময় অনুযায়ী আজ সন্ধ্যা প্রায় ছয়টার দিকে চাঁদ দেখার ফলাফল ঘোষণা করা হতে পারে।

এই প্রথমবারের মতো সৌদি আরবের সুদাইর অবজারভেটরি রমজানের চাঁদ দেখার কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। চাঁদ দেখা কমিটির কর্মকর্তা আবদুল্লাহ আল খুদাইরি নিশ্চিত করেছেন, সূর্যগ্রহণ রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.