জেনেভায় ইরান আলোচনা নিয়ে ট্রাম্পের আশাবাদ

জেনেভায় মঙ্গলবার ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে জড়িত থাকবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প । এছাড়াও ট্রাম্প বিশ্বাস করেন যে ইরান একটি পারমাণবিক চুক্তি করবে। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য পারমাণবিক আলোচনায় আমি পরোক্ষভাবে যুক্ত থাকব। এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার মনে হয়, তারা চুক্তি না করলে যে ফলাফল হতে পারে, তা চাইবে না।

সম্প্রতি মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, আলোচনায় সফলতা না পেলে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

আবার সোমবার হাঙ্গেরিতে সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করা সহজ হবে না। কূটনৈতিকভাবে চুক্তির সুযোগ থাকতে পারে, কিন্তু এটা খুব কঠিন হবে। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে বাস্তব চুক্তি করা কঠিন, কারণ আমরা এমন উগ্র শিয়া ধর্মগুরুদের সঙ্গে লড়াই করছি, যারা ভৌগোলিক নয়, ধর্মীয় সিদ্ধান্ত নিচ্ছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার জাতিসংঘের পারমাণবিক তত্ত্বাবধান সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, জেনেভায় তাদের লক্ষ্য ন্যায্য ও সমতামূলক চুক্তি অর্জন। তিনি আরও জানিয়েছেন, আলোচনায় হুমকির মুখে আত্মসমর্পণের কোনও ইচ্ছা নেই।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.