ওমরাহ পালন শেষে ফেরার পথে সৌদি আরবের আবহা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ ৫ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিহতের স্বজনরা এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), বড় মেয়ে ও স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মেহের আফরোজ (১৩) এবং দেড় বছর বয়সী ছোট মেয়ে সুবহা আক্তার। একই দুর্ঘটনায় গাড়ির চালক মো. জিলানী বাবরও (৩০) মারা গেছেন। দুর্ঘটনায় মিজানের মেঝ মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত মিজানুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যার ছেলে। অন্যদিকে, নিহত চালক জিলানী বাবর একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারীর ছেলে।
জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওমরাহ শেষে রোববার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে তাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.