ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব

নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিব।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। তার মেয়াদ থাকবে যোগদানের তারিখ থেকে পরের চার বছর।

তবে, রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। ঢাকার সাতটি কলেজ নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি গঠিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলেই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রাজধানী ঢাকার সাতটি কলেজে আগের মতোই বিভিন্ন বিষয়ে অনার্স ও ডিগ্রির লেখাপড়া চলবে। যেসব কলেজে উচ্চ মাধ্যমিক ছিলো, তাও থাকবে। তবে, কেন্দ্রীয়ভাবে মূল ক্যাম্পাসেও পরিচালিত হবে অনার্স-মাস্টার্স স্তর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.