জানুয়ারি ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় রিটার্ন দাখিলের নির্ধারিত সময় আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত এবং নির্বাচনকেন্দ্রিক ছুটির পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওটিপি সার্ভার সাময়িকভাবে ডাউন থাকায় করদাতাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এর ক্ষমতাবলে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানায় এনবিআর। নতুন সময়সীমা অনুযায়ী করদাতারা ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ই-ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.