বিবাহ আইনে কাজির সন্তান কেন নিয়োগে অগ্রাধিকার পাবে, হাইকোর্টের রুল

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইনের একটি ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই ধারায় নিকাহ রেজিস্ট্রার (কাজি) নিয়োগের ক্ষেত্রে কাজিদের সন্তানদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

২০০৯ সালের ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা’র ৬ নম্বর বিধির উপবিধি ৬(ক) তে বলা হয়েছে, কোনো সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকায় মৃত্যু বা অবসরের কারণে যদি কোনো নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তবে বিধি ৮ এর অধীনে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে ওই নিকাহ রেজিস্ট্রারের ছেলেকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলে ওই ধারাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (আইন সচিব) কাছে তা জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকনুজ্জামান জনস্বার্থে ওই রিট আবেদন করেছিলেন। রিটে বলা হয়, ২০০৯ সালের বিধিমালার এই ৬(ক) উপবিধি বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। কারণ, এই এটি আইনের চোখে সমান সুযোগ পাওয়ার ক্ষেত্রে অন্যান্য প্রার্থীদের অধিকার লঙ্ঘন করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.