গাজায় নতুন হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাতে এমনটি জানিয়েছে আল জাজিরা। এটি অক্টোবরে যুক্তরাষ্ট্রর মধ্যস্থতায় হওয়া ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘনের নতুন ঘটনা।

নাসের হাসপাতাল সূত্র বলছে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণের শহর খান ইউনিসে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন।

সূত্রটি জানায়, তথাকথিত সেই ইয়োলো লাইনের বাইরে এই হামলা হয়েছে, যেখানে ইসরায়েলি সেনারা গাজায় স্থায়ীভাবে অবস্থান করছে।

অন্যদিকে উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে আরও চারজন ফিলিস্তিনি নিহত হন। আল-শিফা হাসপাতাল সূত্র এমনটি জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী রোববার সকালে জানায়, তারা উত্তর গাজার একটি এলাকায় ভবনে হামলা চালিয়েছে, যেখানে কিছু সশস্ত্র যোদ্ধা প্রবেশ করেছিলেন। তাদের দাবি, এই হামলায় অন্তত দুই যোদ্ধা নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনারা আরও জানিয়েছে, তারা গাজায় আরেকজনকে হত্যা করেছে। ওই ব্যক্তি ইয়োলো লাইন পার হয়ে তাদের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ সৃষ্টি করছিল। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। গাজার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এরপর থেকে ইসরায়েল দেড় হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ৫৯১ ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ৫৯০ জন আহত হয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.