রাজধানীর যাত্রাবাড়ীর একটি কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার। এ নিয়ে সারা দেশে নির্বাচনের দিন আটজনের মৃত্যু হলো।
আবু সাঈদ সপরিবার রাজধানীর মানিকনগরে থাকতেন। তাঁর স্ত্রী প্রীতি ইসলাম গণমাধ্যমকে বলেন, তাঁর স্বামী (আবু সাঈদ) অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। গতকাল বুধবার রাতে তিনি বলছিলেন, ‘ধানের শীষে ভোটটা দিয়ো।’ এরপর তিনি রাতে ঘুমিয়ে পড়েন। আজ সকালে ঘুম থেকে জেগে তাঁর স্বামী ছোট ছেলেকে সঙ্গে নিয়ে যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিতে যান।
প্রীতি ইসলাম জানান, তাঁর কাছে খবর আসে, তাঁর স্বামী স্কুল ভবনের চতুর্থ তলার সিঁড়িতে অচেতন হয়ে পড়ে আছেন। সেখান থেকে তাঁকে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।
প্রীতি ইসলাম জানান, তাঁর স্বামী হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। এর আগে তিনি স্ট্রোক করেছিলেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাঁর বাড়ি পাবনার বেড়া থানার নাকালিয়া গ্রামে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.