মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৬

মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৃথক তিনটি স্থানে ঘটা এসব সংঘাতের ঘটনায় দুই পক্ষের অন্তত ১৬ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জামায়াত কর্মীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটকেন্দ্রের কাছে ভোটারদের বাধা দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির আশাদুল এবং জামায়াতের বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজীসহ মোট ৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে শহিদুল ও আশরাফ হোসেন নামে দুই জামায়াত কর্মীকে আটক করে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

অন্যদিকে, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হামলায় জামায়াত ইসলামের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এছাড়া ছাতিয়ান নামক স্থানে আরেক জামায়াত কর্মী আহতের খবর পাওয়া গেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.