ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির সময় ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ছুটির সময় কোনও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন ছুটির মধ্যেও বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনসহ ইউটিলিটি বিল পরিশোধ সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে এ সময়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর বা ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার (আইবিএফটি) সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাচনে অর্থের অপব্যবহার ও অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতাও আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ রবিবার (৮ ফেব্রুয়ারি) একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্টস সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে নির্দিষ্ট সময়ের জন্য লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে।
এই নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এসব পদক্ষেপের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.