আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের নির্বাচনের তিনটি নতুন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য নির্বাচনের তুলনায় অনন্য করছে। এগুলো হলো- সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, তাদের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। নির্বাচনে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। তাছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যরা নির্বাচনি সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে গেলে এটি চালু করা হবে।
প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টার কম সময় রয়েছে। তাই সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে টহল বাড়াতে হবে।
তিনি বলেন, স্ট্রাইকিংয়ের ম্যাপ আগে থেকে নির্ধারণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন এমনভাবে হতে হবে যাতে ঘটনা ঘটলে দ্রুত সাড়া দেওয়া যায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।
নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে যেন সবাই কোনো বিচ্যুতি ছাড়াই সঠিকভাবে দায়িত্ব পালন করে তা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের নির্বাচনি প্রস্তুতি ভালো। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। তিনি এসময় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.