ইউসিবিতে ডিএমডি ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগ দিলেন এম. লতিফ হাসান

বিশিষ্ট্য ব্যাংকার এম. লতিফ হাসান সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব স্ট্রাকচার্ড করপোরেট হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

তিন দশকেরও বেশি ব্যাংকিং ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে তিনি ইউসিবির করপোরেট ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। নতুন দায়িত্বে তিনি স্ট্রাকচার্ড করপোরেট বিভাগ পরিচালনা করবেন এবং বিশেষায়িত করপোরেট অর্থায়ন সেবা সম্প্রসারণ, গ্রাহকসম্পর্ক উন্নয়ন এবং উদ্ভাবনী ও টেকসই আর্থিক কৌশলের মাধ্যমে এই খাতের ব্যবসা বৃদ্ধিতে নেতৃত্ব দেবেন।

দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এইচবিএলের আগে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কর্মজীবনে সিটিব্যাংক, এনএ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেডেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি রিলেশনশিপ ও বিজনেস ম্যানেজমেন্ট, ক্রেডিট ও রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং অপারেশনস খাতে ব্যাপক দক্ষতা অর্জন করেছেন।

এম. লতিফ হাসান বেজেল–২ কোর ইমপ্লিমেন্টেশন টিম এবং ট্যাক্স রিফর্ম কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে সিএসএ (ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট) সার্টিফাইড। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীকালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ সম্পন্ন করেন। দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের অভিজ্ঞতা তার রয়েছে।

ইউসিবি পরিবারে এম. লতিফ হাসানকে আন্তরিক স্বাগত জানানো হয়েছে। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব ব্যাংকের স্ট্রাকচার্ড করপোরেট কার্যক্রমের প্রবৃদ্ধি ও উৎকর্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ব্যাংক কর্তৃপক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.