বগুড়া ও রংপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ’আইপিডিসি জয়ী’র উদ্যোগ

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের ফ্ল্যাগশিপ নারী ক্ষমতায়ন প্ল্যাটফর্ম ‘আইপিডিসি জয়ী’-এর আওতায় ২ ও ৩ ফেব্রুয়ারি তারিখে বগুড়া ও রংপুরে দুটি সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছে। এ উদ্যোগের মাধ্যমে সারা দেশে নারী নেতৃত্বাধীন ব্যবসা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‘অ্যাক্সেস টু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এতে নারী উদ্যোক্তারা ব্যবসার আর্থিক ব্যবস্থাপনা দক্ষভাবে পরিচালনা এবং ডিজিটাল সেবা ব্যবহার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন আইপিডিসির একজন অভ্যন্তরীণ প্রশিক্ষক এবং একজন বহিরাগত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, ফলে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামতের সমন্বিত দৃষ্টিভঙ্গি অর্জন করেন।

বগুড়া ও রংপুর অঞ্চলের নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের নারী উদ্যোক্তারা এ সেশনে অংশ নেন। ইন্টারঅ্যাকটিভ আলোচনার মাধ্যমে মতবিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি ও হাতে-কলমে শেখার সুযোগ থাকায় দুই স্থানেই অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা বিশ্বাস করি, অর্থায়নের সুযোগের পাশাপাশি জ্ঞান ও দক্ষতার সুযোগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ‘জয়ী’ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের শুধু আর্থিক সমাধানই নয়, বরং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে টেকসইভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”

আইপিডিসি জয়ী দেশব্যাপী নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ, সক্ষমতা উন্নয়ন, মেন্টরশিপ ও সমন্বিত সহায়তা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আঞ্চলিক প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শহর ও গ্রাম অঞ্চলে নারী নেতৃত্বাধীন ব্যবসাগুলোকে এগিয়ে নিতে কাজ করছে। জয়ীর সম্ভাব্য ও বিদ্যমান গ্রাহকদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা বিকাশ নিশ্চিত করতে এসব প্রশিক্ষণ কার্যক্রম সারা বছরব্যাপী ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.