দুর্নীতি সূচকে ১ ধাপ পেছালো বাংলাদেশ

বিদায়ী বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০২৪ সালে এই অবস্থান ১৪তম ছিল। ১৮২টি দেশের মধ্যে ১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৪; যা বৈশ্বিক গড় স্কোরের (৪২) চেয়ে অনেক নিচে। তবে গত বছরের চেয়ে এবার বাংলাদেশের ১ পয়েন্ট উন্নতি হয়েছে। কিন্তু সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনের করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) বা ‘দুর্নীতির ধারণা সূচক-২০২৫’ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

মূলত ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। সিপিআইয়ের দুর্নীতির ধারণার মাত্রাকে শূন্য থেকে ১০০ এর স্কেলে নির্ধারণ করা হয়। শূন্য স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত হিসেবে ধরা হয়।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনের দুর্নীতির ধারণা সূচকে ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ১৩তম। ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৫০তম। ২০২৪ সালে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ২৩ এবং ২০২৩ সালে স্কোর ছিল ২৪। মানে হলো, দুর্নীতি বাড়ায় বাংলাদেশের স্কোর ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ১ কমেছে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় অবস্থান এক ধাপ এগিয়েছে।

২০২৫ সালে ডেনমার্কে সবচেয়ে কম দুর্নীতি রয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতির মাত্রা ছিল দক্ষিণ সুদান ও সোমালিয়ায়। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম এবং ২০২৩ সালে ১৪৯তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের পরই বাংলাদেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের দুর্নীতির অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এর থেকে উত্তরণ করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আগের রাজনৈতিক সরকারের মতো বর্তমান সরকারেরও ব্যর্থতা রয়েছে, তবে প্রতিবন্ধকতার পেছনে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও আমলাতন্ত্রের দলীয়করণও রয়েছে।

টিআইবি বলছে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে দক্ষিণ সুদান ও সোমালিয়ার স্কোর ১০, এরপর ভেনেজুয়েলা, ইরিত্রিয়া, লিবিয়া, ইয়েমেন, নিকারাগুয়া, সুদান, ইকুয়েটোরিয়াল গিনি, উত্তর কোরিয়া ও সিরিয়া রয়েছে।

১০০ এর মধ্যে ৮৯ স্কোর পেয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে ডেনমার্ক। তারপর সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোতে ৮৮ স্কোর ফিনল্যান্ড, ৮৪ স্কোর সিঙ্গাপুর, ৮১ স্কোর নিউজিল্যান্ড ও নরওয়ে এবং ৮০ স্কোর সুইডেন ও সুইজারল্যান্ড। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান, ১০০ স্কোরের মধ্যে ৭১ স্কোর নিয়ে অবস্থান ১৮তম।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.