কেন্দ্রে মবের চেষ্টা করা হলে সেই আসনেরই ভোট স্থগিত করা হবে: আইজিপি

কোনো কেন্দ্রে যদি মবের চেষ্টা করা হয়, তাহলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয় ঐ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এতে কাজ করবে ১ লাখ ৮৭ হাজার পুলিশ। আর ঝুঁকিপূর্ণ ২৪ হাজার কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার পাশাপাশি থাকবে ড্রোন।’

তবে গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলে ভালো নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স–এই ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।

বাহারুল আলম বলেন, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।

এ সময় তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.