সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি গ্রেফতার: ইরানে ধরপাকড় তীব্র

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠন রিফর্মিস্টস ফ্রন্টের প্রধান আজার মানসুরিকে গ্রেফতার করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। আজার মানসুরি ইসলামিক ইরান পিপল পার্টির মহাসচিব। এছাড়া নতুন করে চারজন মানবাধিকার কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। তারা ১৭ জন বিশিষ্ট অ্যাক্টিভিস্টের সঙ্গে যৌথ বিবৃতিতে ইরানে একটি ‘স্বচ্ছ ও স্বাধীন গণভোটের’ দাবি জানিয়েছিলেন।

সরকারের বাইরে থাকা সংস্কারপন্থি নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে রিফর্মিস্টস ফ্রন্টের রাজনৈতিক কমিটির প্রধান ইব্রাহিম আসঘরজাদেহ এবং সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী মোহসেন আমিনজাদেহকে গ্রেফতার করা হয়েছে। তেহরানের প্রসিকিউটর কার্যালয় দাবি করেছে, গ্রেফতার ব্যক্তিরা ‘সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা’ করেছে এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগসাজশে কাজ করছে। বিচার বিভাগের প্রধান ঘোলাম-হোসেইন মোহসেনি-এজেই এই অভিযানের পক্ষে সাফাই গেয়েছেন।

বিক্ষোভে নিহতের ঘটনাকে আজার মানসুরি ‘মর্মান্তিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করলেও তিনি কখনোই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেননি। বরং তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি কোনো বিদেশি হস্তক্ষেপের পক্ষে নন। এদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে নতুন করে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিক্ষোভের ঘটনা তদন্তে কমিশন গঠন করলেও আইআরজিসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মতো বাস্তব ক্ষমতা তার নেই। তার নিজ সমর্থকদের গ্রেফতার হওয়ার ঘটনা সেই রাজনৈতিক দুর্বলতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। ২০২৪ সালের জুনে ১ কোটি ৬৪ লাখ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বর্তমানে তিনি চরম কোণঠাসা অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.