জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি প্রকল্পে’ অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে দুদকের সাবেক কমিশনার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক বিচারকসহ ঊর্ধ্বতন ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি সহকারী পরিচালক মো. আল আমিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান আলী, সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) ড. মো. মইনুল হক আনছারী, সদস্য (পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প) বিজয় কুমার মণ্ডল, প্রকল্প পরিচালক (প্রকৌশল ও সমন্বয়) কাজী ওয়াসিফ আহমাদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ) সৈয়দ আমিনুল ইসলাম।
দুদক জানায়, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থেকেও ক্ষমতার অপব্যবহার করে তারা পরস্পর যোগসাজশে রাষ্ট্রীয় সম্পদ বৈষম্যমূলকভাবে বরাদ্দ দিয়েছে। এজাহারে অভিযোগ আনা হয়েছে, ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত বাড়ি নং-৭১১, সড়ক নং-১৩, গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়) প্রকল্পে ২২২তম ও ২২৫তম বোর্ড সভায় অন্যান্য ফ্ল্যাটের তুলনায় প্রায় দ্বিগুণ আয়তনের চারটি ফ্ল্যাট একত্রিত করে দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।
ডুপ্লেক্স ফ্ল্যাটগুলোর আয়তন যথাক্রমে ৪১০৫.০৫ বর্গফুট এবং ৪৩০৮.৬৮ বর্গফুট। এসময় প্রতারণার আশ্রয় নিয়ে স্থাপত্য নকশা অনুমোদন দেওয়া হয়।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনের ভোট রাতে নেওয়ায় জড়িত’ থাকা সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের পুরস্কারস্বরূপ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। ৫ মে একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হওয়ার পর দুদক অনুসন্ধানে নামে।
দুদকের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম এ অভিযোগ যাচাই করছে, যেখানে উপ-সহকারী পরিচালক নাহিদ ইসলামও রয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.