নতুন মুখ্যমন্ত্রীর ৪ দিনের মধ্যে উখরুলে নাগা ও কুকি দাঙ্গা

নতুন মুখ্যমন্ত্রী দায়িত্বগ্রহণের মাত্র চার দিনের মধ্যে ফের দাঙ্গা শুরু হয়েছে ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায়। রোববার উখরুলের লিতান গ্রামে অন্তত ২৩টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, উখরুলের লিতান গ্রামে নাগা জনগোষ্ঠীর এক যুবকের ওপর হামলার অভিযোগ ওঠে রোববার। এ অভিযোগের জেরে সন্ধ্যা থেকেই সংঘর্ষ বাঁধে নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে সেই সময় টিয়ার শেল ছুড়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী।

ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, সংঘাতের সময়ে বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে। উত্তেজনা প্রশমনে সন্ধ্যা সাতটায় লিতান ও তার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

কিন্তু মধ্যরাতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। নাগা সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কুকি সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে। মণিপুর রাজ্য পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘাত কবলিত লিতান গ্রাম ও আশেপাশের এলাকার পরিস্থিতি এখনও থমথমে। সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মণিপুর রাজ্য জাতিগত বৈচিত্রে ভরপুর। ২০২৩ সালে রাজ্যের দুই বড় নৃগোষ্ঠী মেইতেই ও কুকির মধ্যে দাঙ্গা শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলা সেই সংঘর্ষে উভয় সম্প্রদায়ের আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। পরবর্তী এক বছর রাষ্ট্রপতিশাসন চলার পর গত ৪ ফেব্রুয়ারি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির নেতা ইউমনাম খেমচাঁদ সিং।

নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মধ্যে দাঙ্গা শুরু হওয়ায় উখরুলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.