নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিট করেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ। রিটে নির্বাচন কমিশন সচিব, রিটানিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন। বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮,৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং সবুজবাগ এলকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার চার লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার দুই লাখ ১৬ হাজার ১৯৮ জন। তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন।

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম। তার প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন এনসিপির আহ্বায়ক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.